সোমবার, ০৪ মে ২০২৬ , ০২:৫৮ পিএম
ময়মনসিংহে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) সকাল ৯টার দিকে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুলাল মিয়া (৫৪) উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ধান ব্যবসায়ী।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, দুলাল মিয়া স্থানীয় মুন্সিরহাট বাজারে ধানের ব্যবসা করেন। রোববার (৩ মে) রাতে তিনি বাজার থেকে বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন ধারণা করেছিলেন, তিনি হয়তো ব্যবসায়িক কাজে বাইরে কোথাও গেছেন। কিন্তু আজ সকালে বাড়ি থেকে মাত্র ৩০০ গজ দূরে একটি পুকুরপাড়ে দুলালের গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
দুলালের চাচাতো ভাই জামান খান বলেন, এলাকায় কারও সঙ্গে ভাইয়ের (দুলাল) কোনো বিরোধ ছিল না। কী কারণে তাকে হত্যা করা হলো বা কারা হত্যা করল, এসবের কিছুই বুঝতে পারছি না আমরা।
এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কারা ও কী কারণে দুলাল মিয়াকে হত্যা করেছে, তা উদ্ঘাটনে আমরা কাজ করছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/আইএম