সোমবার, ০৪ মে ২০২৬ , ০৫:০৯ পিএম
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী ও সন্তানসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৪ মে) সকাল ৬টার দিকে বাড়ির শয়নকক্ষ থেকে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল ওই গ্রামের কেরামত আলীর ছেলে এবং পেশায় পোনা মাছ চাষি ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৩ মে) রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ও সন্তানের সঙ্গে রুবেলের মনোমালিন্য হয়। এরপর তিনি অভিমান করে পাশের একটি কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তদন্তে নেমে নাটোর জেলা ডিবি পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (দা) উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও সন্তানসহ মোট চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।
আরটিভি/এমএইচজে