images

দেশজুড়ে

জুলাই সনদ বাস্তবায়নে জমায়াত-এনসিপি জোট আন্তরিক নয়: প্রিন্স

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৭:৪১ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত–এনসিপি জোট আন্তরিক নয়। সংবিধান সংশোধন কমিটিতে প্রতিনিধি দিতে গড়িমসির মাধ্যমে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৪ মে) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া সদর উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য বিএনপির প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় কমিটিতে জমায়াত–এনসিপি জোট সময়মতো সদস্যের নাম দেয়নি। ফলে কাজ শুরু বিলম্বিত হচ্ছে এবং কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, একদিকে তারা কমিটিতে নাম দিচ্ছে না, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কথা বলছে, এটি সম্পূর্ণ স্ববিরোধী অবস্থান। 

আরও পড়ুন
Web-Image2

রাতে বাড়ি ফেরেননি ব্যবসায়ী, সকালে বাড়ির কাছে মিলল গলাকাটা মরদেহ

এ ধরনের কর্মকাণ্ডকে তিনি অন্তঃসারশূন্য রাজনীতি আখ্যা দিয়ে বলেন, এতে জুলাই শহীদদের আত্মত্যাগের সাথে প্রতারণা করা হচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশে প্রিন্স বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো বিভেদ নয়, সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে।

এর আগে, দুপুরে সরকারি সফরে ধোবাউড়ায় এসে তিনি ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে গৃহীত জেলা পরিষদের ৩৬টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলোতে উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রিন্স কাজের ধীরগতি ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি দ্রুত কাজের গতি বাড়ানো এবং নির্ধারিত মান নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন কাজে কোনো গাফিলতি বরদাশত করা হবে না। অনিয়ম বা নিম্নমানের কাজ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রিন্স সরকারি সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদানই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।

দিনব্যাপী সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইন্দু ভূষণ বিশ্বাস, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মির্জা রিয়াদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম