images

দেশজুড়ে

৭ বছর পর জীবিত উদ্ধার আয়েশা: হত্যা মামলায় নতুন মোড়

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৮:৪৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আয়েশা খাতুন (২৪) নামে এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ, যাকে প্রায় সাত বছর আগে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিল তার পরিবার।

রোববার (৩ মে) রাতে ভোলাহাট উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক।

উদ্ধার হওয়া আয়েশা একই উপজেলার খালে আলমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩১ মে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আয়েশা। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার মা আদুরী বেগম আদালতে অপহরণের পর হত্যা মামলা দায়ের করেন। তবে, পুলিশ ও সিআইডির তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

আরও পড়ুন
01

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী

পরবর্তীতে ২০২৪ সালে পুনরায় চারজনকে আসামি করে একই অভিযোগে নতুন মামলা দায়ের করেন আয়েশার মা। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ওসি আব্দুল বারিক জানান, সম্প্রতি আয়েশা জীবিত থাকার তথ্য পায় পুলিশ। বিভিন্ন সূত্র ধরে পুলিশ অনুসন্ধানের এক পর্যায়ে জানতে পারে, তিনি রাজশাহী থেকে ভোলাহাটের উদ্দেশ্যে একটি বিআরটিসি বাসে রওনা হয়েছেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ বাসস্ট্যান্ডে অবস্থান নেয় এবং বাসটি পৌঁছালে তাকে হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে আয়েশা একেক সময় একেক ধরনের তথ্য দিয়েছেন বলে জানান ওসি। 

তিনি কখনো বলেছেন কুষ্টিয়ায় ছিলেন, আবার কখনো ঢাকার মিরপুরে অবস্থানের কথা বলেছেন।

সোমবার (৪ মে) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তার ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে তার মা-বাবার জিম্মায় দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরটিভি/এমএম