images

দেশজুড়ে

মসজিদের বিদ্যুৎ চুরি করছিলেন দোকানদার, অতঃপর...

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৮:১১ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়ে মসজিদ কমিটির কোষাধ্যক্ষসহ ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সোমবার (৪ মে) রাত ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম শিমুলিয়া গ্রামের দিঘীরপাড় জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মসজিদের কোষাধ্যক্ষ শেখ মোশারফ হোসেন (৬২), মো. ইব্রাহিম (২৬), অসিম আহমেদ সময় (৩২), সোহেল খান (৪৫), মো. শহিদুল্লাহ্ (৩০), রিটু (৪৫) ও মুন্না (২৫)। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জিহাদ মজুমদার নামে এক ব্যবসায়ী মসজিদের বৈদ্যুতিক মিটার থেকে অনুমতি ছাড়াই নিজের দোকানের জন্য গোপনে বিদ্যুৎ সংযোগ নেন। বিষয়টি জানতে পেরে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শেখ মোশারফ হোসেন বাধা দিলে জিহাদ ক্ষিপ্ত হয়ে ধারাল অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালান। এতে ঘটনাস্থলেই ৭ জন আহত হন।

আরও পড়ুন
Web-Image---Copy

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

এ ঘটনায় আহত মোবারক হোসেন লৌহজং থানায় জিহাদ মজুমদারসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল মুকুট বলেন, অভিযুক্ত জিহাদ এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত এবং তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে নিরীহ মুসল্লিদের ওপর হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং একটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জিহাদ মজুমদার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

‌আরটিভি/এমএইচজে