images

দেশজুড়ে / রাজনীতি

অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন অপরাধ অনেক বেশি হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৯:৩৩ পিএম

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ অনেক বেশি হচ্ছে। অপরাধ প্রবণতা বেড়েই চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এতে জনমনে শঙ্কা সৃষ্টি হচ্ছে। মানুষ এমন পরিস্থিতি দেখতে চায় না। সরকারকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা মিলনায়তনে চান্দিনা সড়ক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ সব মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি, তা বিশ্বকে জানাতে হবে।

দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, জ্বালানি সংকট মূলত আমাদের পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই তৈরি হয়েছিল। সরকার নতুনভাবে গঠিত হওয়ার পর প্রস্তুতির ঘাটতি থাকায় ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়। এই সুযোগে একটি সিন্ডিকেট গড়ে ওঠে।

আরও পড়ুন
Web-Image---Copy

৩৬ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ময়মনসিংহ কোতোয়ালি থানা ছাত্রদল

 সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে জানিয়ে তিনি বলেন, সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।

এর আগে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সড়কের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরটিভি/এমএইচজে