images

দেশজুড়ে

মায়ের কোলে ফেরা হলো না নুসরাতের

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৯:৪৮ পিএম

স্কুল শেষে চাচির সঙ্গে বাড়ি ফিরছিল ছোট্ট নুসরাত। মায়ের কোলে ফেরার অপেক্ষায় ছিল সে। কিন্তু রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাস চিরতরে কেড়ে নিল তার জীবন।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার চিনকি আস্তানা এলাকায় বাসের ধাক্কায় নিহত হয় নুসরাত জাহান (৭)। নুসরাত উত্তর সোনাপাহাড় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে চাচির সঙ্গে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় নুসরাত। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, বাসের ধাক্কায় গুরুতর আহত এক স্কুলছাত্রীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

কক্সবাজারে আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত, আহত ২

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, দুপুর ১২টার দিকে চিনকি আস্তানা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএস