মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১১:৪৩ পিএম
রংপুরে দেবরের দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট থানা আমলি আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
মৃত শাহিনা ইসলাম (৫৫) ওই মামলার আসামি এবং নগরীর তাজহাট থানার ঘাঘটপাড়া এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আব্দুর রাজ্জাকের বড় ভাই নজরুল ইসলাম ও ভাবি শাহিনা ইসলামের বিরুদ্ধে একটি সিআর মামলা করেন। মঙ্গলবার মামলায় হাজিরা দিতে স্বামী-স্ত্রী আদালতে আসেন।
শুনানির অপেক্ষায় আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকার সময় বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ শাহিনা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশফাক জানান, হাসপাতালে আনার আগেই শাহিনা ইসলামের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নজরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, জমি নিয়ে বিরোধের কারণে আমার ছোট ভাই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমার স্ত্রী এই বয়সে আদালতে আসার বিষয়টি মানসিকভাবে নিতে পারেননি। প্রচণ্ড মানসিক চাপে তিনি আদালত প্রাঙ্গণেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাজিরা দিতে এসে এক নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
আরটিভি/এমএম