images

দেশজুড়ে

অ্যাম্বুলেন্সের সিলিন্ডারে মিললো ৪ কোটি টাকার ইয়াবা

বুধবার, ০৬ মে ২০২৬ , ১০:৫৭ এএম

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) কোতোয়ালি থানার ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পাশে একটি কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্স (চট্ট মেট্রো-ছ ৭১-১২৬৫) তল্লাশি করা হয়। এ সময় গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, অ্যাম্বুলেন্সের সিলিন্ডারের ভেতরে অভিনব কৌশলে ইয়াবা রাখা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে জড়িত চক্রকে শনাক্তে তদন্ত চলছে।

আরটিভি/এসকে