বুধবার, ০৬ মে ২০২৬ , ১১:৪৬ এএম
ফেসবুকে লাইভের মাধ্যমে মব সৃষ্টি করে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম ২ বছরের শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের এতিম শিশু মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসেছেন উল্লেখ করে শিশুর লালন-পালনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে শিশুর দাদা দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই শিশুকে নিয়মিত সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বোস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত শুক্রবার রাত নয়টার দিকে ফরিদপুর জেলার সালথা উপজেলার বালিয়া বাজার থেকে একটি ট্রাক বেপরোয়া গতিতে নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার হয়ে বিলনালিয়া গেলে সেখানে স্থানীয় জনতার গণপিটুনিতে ট্রাক চালক হান্নান শেখ ও তার দুই সহচর আহত হয়।
পরে ঘটনাস্থল থেকে ট্রাক চালক হান্নান শেখকে (৪৫) ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হান্নান শেখ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর গ্রামের বাসিন্দা শহীদ শেখের ছেলে।
জন্মের একমাস পরেই বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় মা ছাড়া বড় হতে থাকে মুসলিমা। বয়স যখন ২ বছরের ঘরে, তখন বাবাকে হারালো মুসলিমা। এখন একমাত্র দাদা-দাদি ছাড়া তার দেখার কেউ নেই।
আরটিভি/আইএম