বুধবার, ০৬ মে ২০২৬ , ১২:০২ পিএম
সাতক্ষীরায় দুধ থেকে ক্রিম পৃথক করে পাম তেল মিশিয়ে পুনরায় প্রক্রিয়াজাত করা হচ্ছিল দুধ। মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরার উদ্যোগে দুধ ব্যবসায়ী রতন মাঝির বাড়িতে ভেজালবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ব্রহ্মরাজপুর গ্রামের দুধ ব্যবসায়ী রতন মাঝিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রিত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামিম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর ও বাংলাদেশ পুলিশ সদস্যরা।
ভেজালবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা কর্তৃপক্ষ জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হটলাইন নম্বর ১৬১৫৫ এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের রতন মাঝির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কারখানা হতে প্রায় ১২০ লিটার ভেজাল দুধ, প্রায় ১৪ লিটার পাম তেল ও প্রায় দুই কেজি খাবার সোডা জব্দ করা হয়।
আরটিভি/এমএ