বুধবার, ০৬ মে ২০২৬ , ০৪:৩৫ পিএম
অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা রোধে জনগণকে ঐকবদ্ধ্য হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
বুধবার (৬ মে) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী শুরু হওয়া খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মাটি কাটা রোধে এবং অবৈধ ইটভাটা বন্ধ না করলে কৃষিজমি রক্ষা করা যাবে না।
এ সময় জনগণের পাশাপাশি নেতাদেরও মাটি কাটা রোধে কাজ করার নির্দেশ দেন তিনি। এ ছাড়া ধামরাইকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতিও দেন এই সংসদ সদস্য।
বাড়িগাও বাসাইল থেকে বংশী নদী পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ এবং ১০ মিটার প্রস্থ্যে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও) আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী এ. কে. এম মোহিতুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।
আরটিভি/এমএইচজে