images

দেশজুড়ে

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৫:০৩ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নুসরাত জাহান রুমা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রুমা উপজেলার সুন্দরপুর ইউপির ৮নং ওয়ার্ডের এক খুলিয়া এলাকার সিকদার বাড়ির বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুসরাত জাহান রুমার পারিবারিক জীবন ছিল বেশ জটিল। প্রায় ১০-১২ বছর আগে রুমার মা বেবি আক্তার তাকেসহ তার বর্তমান বাবা নাজুর সংসারে আসেন। অর্থাৎ রুমা তার সৎ বাবার ঘরেই বড় হয়েছেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হলেও দাম্পত্য কলহের কারণে মাত্র ৪-৫ দিন স্বামীর ঘরে কাটিয়ে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তিনি সেখানেই থাকতেন। 

পরিবারের সদস্যদের দাবি, গত ৪-৫ দিন ধরে রুমা অস্বাভাবিক আচরণ করছিলেন। বুধবার (৬ মে) নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন
Web-Image---Copy

ময়মনসিংহে ইট ভাঙার ট্রলিতে বাসের ধাক্কা, নিহত ১

পুলিশের ভাষ্যমতে, ওই পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা যথেষ্ট ভালো ছিল। তবে দীর্ঘদিনের দাম্পত্য বিচ্ছিন্নতা কিংবা সাম্প্রতিক মানসিক অস্থিরতা তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে