বুধবার, ০৬ মে ২০২৬ , ০৫:৪৯ পিএম
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ফসলি জমি থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর এলাকার একটি মাঠ থেকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে রামগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত মোস্তাফিজুর রহমান ওই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে। তিনি ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন, তবে গত দুই মাস ধরে বাড়িতেই ছিলেন।
পুলিশ জানায়, মরদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।
নিহতের স্ত্রী জানান, ফজরের আগে তিনি ঘর থেকে বের হন। পরে মাঠে তার মরদেহ পড়ে থাকার খবর পান তারা।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরটিভি/এমএইচজে