বুধবার, ০৬ মে ২০২৬ , ০৬:১০ পিএম
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামে নারীদের পোশাক পরিহিত অবস্থায় রিফাত গাজী (১৭) নামে এক কিশোরের গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রিফাত গাজী সোমবার (৮ মে) রাতের খাবার খেয়ে তার নানা হোসেন মালের ঘরে ঘুমিয়ে ছিল। পরে রাতে ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বের হয় সে। এরপর থেকে আর ঘরে ফেরেনি। পরে বুধবার (৬ মে) সকাল ৭টার দিকে স্থানীয় শাজাহান শিকদার গরু নিয়ে যাওয়ার সময় নানার বাড়ির পাশের পুকুরপাড় সংলগ্ন একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত রিফাত গাজী চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামের বাসিন্দা লিটন গাজীর ছেলে। সে তার নানার বাড়িতেই বসবাস করত।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল নারীদের সালোয়ার-কামিজ ও পায়জামা। এছাড়া তিনটি ওড়না দিয়ে তার মুখ বাঁধা ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।
খবর পেয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে নিহতের পরিবার এ ঘটনায় কাউকে দায়ী করছে না বলে জানা গেছে।
আরটিভি/এমএইচজে