images

দেশজুড়ে

নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৭:২৫ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নদীপ দেবনাথ (১৬) নামে আরও এক পরীক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে। তিনি স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপের সঙ্গে বাইরে যান। বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন
pic

নিখোঁজের দুই দিন পর ধানক্ষেতে মিলল শিশুর খণ্ডিত মরদেহ

এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বেড়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর সিএনজিচালক পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএস