images

দেশজুড়ে

ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৯:৩৬ এএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথে রেললাইনে ভাঙন দেখা দেওয়ায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে অত্যন্ত ধীরগতিতে পরিচালিত হচ্ছে।

বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পাকা ইউনিয়নের লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে ২২৭/৭ নম্বর সেকশন পিলারের কাছে এই ভাঙন শনাক্ত করা হয়। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচলে সতর্কতা জারি করে এবং গতি সীমিত করে মাত্র ১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় নামিয়ে আনে।

রেলওয়ে সূত্র জানায়, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত অংশে চটের বস্তা গুঁজে জরুরি মেরামত করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ওই স্থান দিয়ে প্রতিটি ট্রেন অত্যন্ত ধীরগতিতে পারাপার করানো হচ্ছে, ফলে রুটের সময়সূচিতে কিছুটা বিঘ্ন ঘটছে।

আরও পড়ুন
Web-Image8

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

ঘটনাস্থলে দায়িত্বরত রাজশাহী-১ অঞ্চলের মেট মোস্তাক আহমেদ জানান, ভাঙনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রাত ৯টার দিকে মিস্ত্রি ও প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন।

তিনি আরও জানান, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে স্বাভাবিক ট্রেন চলাচল ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আরটিভি/এসকে