images

দেশজুড়ে

মাদকসেবীকে আটক করে আজান দিয়ে তওবা করালো পুলিশ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ১০:৫৪ এএম

সাভারের বিরুলিয়া ইউনিয়নে মাদক সেবনের সময় এক যুবককে আটক করে পরে আজান দিতে বলার পর তওবা করিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের কাকাব গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিন নামের ওই যুবককে বিকেলে মাদক সেবনের সময় আটক করে বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তার মা সখিনা বেগম ছেলেকে শেষবারের মতো সুযোগ দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানান। তিনি জানান, প্রায় এক মাস আগে মাদক মামলায় কারাভোগ শেষে জামিনে মুক্তি পায় রবিন। কিন্তু মুক্তির পরও সে পুনরায় মাদকাসক্ত হয়ে পড়ে এবং পরিবারে অশান্তি সৃষ্টি করে।

পরিস্থিতি বিবেচনায় পুলিশ রবিনকে আজান দিতে বলে। পরে তিনি আজান দেন এবং সবার সামনে তওবা করে ভবিষ্যতে মাদক পরিহার ও নিয়মিত নামাজ আদায়ের অঙ্গীকার করেন। এরপর মায়ের কাছে ক্ষমা চান তিনি।

স্থানীয় ইউপি সদস্য শাহীন মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উপস্থিত সবার সম্মতিতে রবিনকে মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারে নির্যাতন চালিয়ে আসছিল। মানবিক বিবেচনায় ও সতর্ক করার উদ্দেশ্যে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া ও আলোচনা চলছে।

আরটিভি/এসকে