বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ১২:২৭ পিএম
কুমিল্লার মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে পুরনো রড ব্যবহার ও বিভিন্ন অনিয়ম থাকায় কাজ বন্ধ করে দিলেন মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ।
বুধবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার চান্দলা জিসি-সোনারামপুর সড়ক ভায়া মাধবপুর, জানঘর, ডালপা, হাটবলিবাড়ি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে প্যালাওয়াল তৈরির খুঁটিতে ত্রুটি থাকায় কাজ বন্ধ করে দিয়েছেন তিনি।
পাশাপাশি ৩ দিনের মধ্যে কাজের চলমান সাইট হতে সকল ত্রুটিপূর্ণ প্যালাওয়াল পোস্ট সম্পূর্ণরূপে অপসারণ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।
জানা যায়, উপজেলার চান্দলা জিসি-সোনারামপুর সড়ক ভায়া মাধবপুর, জানঘর, ডালপা, হাটবলিবাড়ি সড়ক প্রশস্থকরণ ও শক্তিশালীকরণ সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন এবং আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজ পান এম. এস. ট্রেডার্স-চৌধুরী এন্টারপ্রাইজ (জেভি) নামের ঠিকাদারী প্রতিষ্ঠান।
কাজ শুরু হওয়ার পর উক্ত এলাকায় পরিদর্শনে যান উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। সেখানে তিনি কালভার্ট নির্মাণে প্যালাওয়াল তৈরির খুঁটিতে বেশ অনিয়ম দেখতে পান। তিনি পরীক্ষা করে দেখেন, মজুদ করা প্যালাওয়াল পোস্ট এর ঢালাইয়ের মান অত্যন্ত নিম্নমানের এবং ঢালাইয়ের দৈর্ঘ্য অনুমোদিত প্রাক্কলন অপেক্ষা ৬-৭ ইঞ্চি করে কম। কিছু কিছু পোস্ট এ ৪ টি ১৬ মিমি রডের স্থলে ১ টি ১৬ মিমি নতুন রড ও ৩ টি সম্পূর্ণ রিজেক্টেড পুরাতন রড ব্যবহার করা হয়েছে যা চুক্তির জিসিসি ক্লস ৩৯.২ (a) অনুযায়ী করাপ্ট প্র্যাকটিস এর অন্তর্ভূক্ত।
উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ জানান, সরেজমিনে কাজ পরিদর্শনে গিয়ে প্যালাওয়াল তৈরির খুঁটিতে ত্রুটি থাকায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে কাজের চলমান সাইট থেকে সকল ত্রুটিপূর্ণ প্যালাওয়াল পোস্ট সম্পূর্ণরূপে অপসারন করে সাইটে সিডিউল ও স্পেসিফিকেশন মোতাবেক প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী এনে ডিজাইন ও স্পেসিফিকেশন মোতাবেক প্যালাওয়াল পোস্ট ঢালাই করে নিয়ম মোতাবেক ড্রাইভকরণের ব্যবস্থা গ্রহণ এবং অবশিষ্ট কাজসমূহ অতিদ্রুত বাস্তবায়ন করার জন্য লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
আরটিভি/এসএস