images

দেশজুড়ে

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০২:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর, ধারাল অস্ত্র দিয়ে আঘাত এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে করা মামলায় অভিযুক্ত স্বামী দিনু মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর মডেল থানার খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পেশায় সেলুনের কর্মচারী গ্রেপ্তার দিনু মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে ওই নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী মীম আক্তার উপজেলার একই এলাকার জহিরুল ইসলামের মেয়ে। প্রায় সাত বছর আগে দিনু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের মাহাদী নামে পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

ভুক্তভোগী মীম আক্তার অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে একটি সেলুন দেওয়ার জন্য বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দেওয়ার চাপ দিচ্ছিলেন। একই সঙ্গে তিনি পরকীয়ায় জড়িত ছিলেন। নির্ধারিত সময়ে টাকা এনে দিতে না পারায় দিনু মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে গাল ও হাতে আঘাত করেন এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে শাশুড়ির সহযোগিতায় তার মাথার চুল কেটে দেওয়া হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

যৌতুকের দাবিতে নারীকে মারধর করে চুল কেটে দিলেন স্বামী-শাশুড়ি 

পরিবারের সদস্যরা জানান, খবর পেয়ে তারা মীম আক্তারকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নারী নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে