বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৩:১৬ পিএম
সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে উদ্ধার হওয়া একটি বকনা বাছুরের প্রকৃত মালিকের সন্ধানে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ।
বুধবার (৬ মে) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশে সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা থানার ভার্থখলার পুরাতন পুল (কিনব্রিজ) এলাকার মুখে স্থানীয় লোকজন মালিকবিহীন একটি বকনা বাছুর দেখতে পান। পরে তারা সেটিকে হেফাজতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ জানায়, বাছুরটির বয়স আনুমানিক এক বছর। এর গায়ের রং কালো। বর্তমানে বাছুরটি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।
বাছুরটির প্রকৃত মালিককে প্রয়োজনীয় প্রমাণসহ দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান অথবা দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, প্রকৃত মালিক উপযুক্ত প্রমাণ দেখিয়ে বাছুরটি নিয়ে যেতে পারবেন। এ জন্য পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভি/এসকে