images

দেশজুড়ে

রংপুরে গার্ডকে হত্যার পর ট্রান্সফরমারের মালামাল চুরি

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৪:০৬ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরির ঘটনাকে কেন্দ্র করে মফিজার ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে গভীর নলকূপের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মফিজার ইসলাম ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি  একটি গভীর নলকূপের ডেনম্যান এবং দীর্ঘদিন ধরে সেচ পাম্প দেখাশোনার দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় উমরপুর এলাকার কয়েকজন কৃষক যৌথভাবে গভীর নলকূপের মাধ্যমে ইরি-বোরো ধানে সেচ কার্যক্রম পরিচালনা করতেন। প্রতিদিনের মতো বুধবার (৬ মে) রাতেও মফিজার ইসলাম নলকূপে দায়িত্ব পালন করতে যান। রাতভর তিনি সেখানে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সেচ পাম্পের ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিভিন্ন মালামাল মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image---Copy

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার

স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা ট্রান্সফরমারের মূল্যবান মালামাল চুরি করতে গিয়ে বাধার মুখে মফিজার ইসলামকে হত্যা করেছে।

পীরগঞ্জ থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে