images

দেশজুড়ে

শিক্ষার্থীদের জুতার মালা পরানোর ঘটনায় বরখাস্ত সেই প্রধান শিক্ষিকা

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৫:১৬ পিএম

বগুড়ায় বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেই আলোচিত প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুলের গাছ থেকে আম পেড়ে খাওয়ার অপরাধে তিন শিক্ষার্থীকে ‘জুতার মালা’ ও পিঠে ‘আমি আম চোর’ লেখা লাগিয়ে বিদ্যালয় চত্বর এবং শ্রেণিকক্ষে ঘোরানোর সঙ্গে জড়িত থাকায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত আদেশে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, জারির দিন থেকেই এ আদেশ কার্যকর হবে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন জানান, তদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই বিভাগীয় উপপরিচালক ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছেন। পরে তিনি আইন অনুসারে বিভাগীয় ব্যবস্থা নেবেন।
অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গত ২৮ এপ্রিল গাছ থেকে কাঁচা আম পেড়ে খায়। এ ঘটনায় প্রধান শিক্ষিকা গোল সাহানারা ক্ষুব্ধ হন। তিনি পরদিন বিকালে চতুর্থ শ্রেণির দুই জন ও পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে তার অফিস কক্ষে ডেকে নেন। আম চুরির অপবাদ দিয়ে তাদের বেত্রাঘাত করেন। এরপর তাদের গলায় জুতা/স্যান্ডেলের মালা পরিয়ে ও ‘আমি আম চোর’ লেখা কাগজ শরীরে আটকিয়ে বিদ্যালয় চত্বর ও বিভিন্ন শ্রেণিকক্ষে ঘোরান। প্রধান শিক্ষিকার এ কাজে
কয়েকজন শিক্ষকও সহযোগিতা করেন।

এদিকে ঘটনাটি জানাজানি হলে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের ক্ষোভের স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন মুখে প্রধান শিক্ষিকা। এতেও তারা সন্তুষ্ট না হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিষয়টি জানার পর বগুড়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির গত ৩ মে অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। এ ছাড়া বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন একটি তদন্ত কমিটি গঠন করেন। বুধবারের (৬ মে) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

কমিটির প্রধান বগুড়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবির গত মঙ্গলবার (৫ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য নেন। বক্তব্য দেওয়ার জন্য প্রধান শিক্ষিকাকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। অন্য শিক্ষকরা জানান, তিনি ছুটিতে আছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

৭ বছরের ছাত্রীকে যৌন হয়রানি, মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষক আটক

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তদন্ত রিপোর্ট পাঠানোর পরপরই বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত আদেশে বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেই আলোচিত প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করেন।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন জানান, তদন্ত রিপোর্ট দেওয়ার পরপরই ভারপ্রাপ্ত উপপরিচালক জনস্বার্থে ওই প্রধান শিক্ষিকাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করেছেন। এরপর তিনি (উপপরিচালক) তদন্ত করে স্থায়ী বরখাস্ত ও অন্য আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করায় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
আরটিভি/কেডি