images

দেশজুড়ে

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে গাঁজা গাছ, পর্নোগ্রাফি আলামত ও চোরাই অটোরিকশাসহ ৪ জন গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৫:৫৩ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক বিশেষ অভিযানে মাদক চাষ, পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টার মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন আহমেদের নেতৃত্বে পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পুকুরপাড় থেকে চাষ করা ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।

একই রাত ২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পূর্ব কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টার মামলায় হাশেন শেখ (৪৭) ও শিরিনা বেগম (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত ডিভাইসগুলোতে মামলার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।

আরও পড়ুন
Web-Image---Copy

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জারি

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পূর্ব মধ্য কামারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রুবেল দেওয়ান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে