শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৭:১৪ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) বিকাল ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
নিহতরা হলেন- উপজেলার তিল্লীরচর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলম সাটুরিয়া (১৬), একই এলাকার বিলাল হোসেনের ছেলে কালু মিয়া (১৬) এবং আব্দুল হালিমের ছেলে সোনা মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন।
ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আলমের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলচালক সোনা মিয়া (২২) ও অপর আরোহী কালু মিয়া (১৬)। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে কালু মিয়া এবং বিকাল সাড়ে ৫টার দিকে সোনা মিয়া মারা যান।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/টিআর