শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৭:৪৪ পিএম
সিলেটে ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুদিন আগে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিল সে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলায় নিজ বাড়ির পাশের একটি পুকুর পার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাহিমা কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি ডেকোরেটরের দোকানে দিনমজুরের কাজ করেন।
নিহতের পরিবার জানায়, গত বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে ফাহিমা স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায়। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।
দুইদিন পর, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফাহিমার বাবা রাইসুল হক জানান, গত বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে দশ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএস