শনিবার, ০৯ মে ২০২৬ , ০১:৪১ পিএম
ঢাকার দোহারে অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে আগুনের ভয়াল থাবা থেকে মায়ের প্রচেষ্টায় প্রাণে বেঁচে গেছে তাদের দুই সন্তান ও নাতি।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে দোহার উপজেলার বিলাশপুর রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক একটার দিকে হঠাৎ স্থানীয় সালাম শিকদারের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা পাঁচ সদস্য আটকে পড়েন।
এ সময় জানালা ভেঙে ঘরের ভেতরে থাকা দুই মেয়ে ও নাতিকে বের করে দিতে পারলেও আগুনে দগ্ধ হয়ে মারা যান সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম। আগুন নিয়ন্ত্রণে এলে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
তবে নিহত দম্পতির মেয়ে জান্নাতুল জানান, তাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তালা দিয়ে আগুন লাগানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানান দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক।
আরটিভি/টিআর