images

দেশজুড়ে

হাসপাতালে অসুস্থ শিশুকে ফেলে মা উধাও!

শনিবার, ০৯ মে ২০২৬ , ০২:৩৯ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মায়ের বিরুদ্ধে তার তিন মাস বয়সী অসুস্থ শিশুকে ফেলে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে পরিচয়হীন ওই শিশুটি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির দেখভালের দায়িত্ব নিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার এক নারী অসুস্থ শিশুটিকে হাসপাতালের মেঝেতে অন্য এক রোগীর পাশে শুইয়ে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর শিশুটির পাশে কোনো স্বজনকে না পেয়ে সন্দেহ তৈরি হয়। পরে হাসপাতালজুড়ে ওই নারীকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আল মামুন বলেন, অজ্ঞাত এই শিশুটির কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি। আমরা সরকারি ব্যবস্থাপনায় তার চিকিৎসা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেইন বেলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেইন বেলন বলেন, শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, শিশুটির খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। তার চিকিৎসা চলছে। সমাজসেবা কর্মকর্তাকে শিশুটির দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুটির পরিবারের সন্ধানেও কাজ চলছে।

আরটিভি/টিআর