images

দেশজুড়ে

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, থানা চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৪:৩৩ পিএম

বগুড়ার ধুনট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হাই খোকনকে আদালতে নেওয়ার সময় থানা চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন তার সমর্থকরা।  

শনিবার (৯ মে) দুপুরে ধুনট থানা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে আদালতে পাঠানোর সময় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া তার নামে মোট ১১টি মামলা রয়েছে। পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বলেন, আদালতের পরোয়ানার ভিত্তিতে আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে থানা চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এসকে