রংপুরের বদরগঞ্জে চাঁদা দাবির অভিযোগে পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি জিহাদ সরকার রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে কর্মরত এক কর্মচারীর দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তার সঙ্গে আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মোছা. ফাতেমা বেগম অভিযোগ করেন, কয়েকদিন ধরে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। টাকা না দিলে চাকরি করতে দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হয়। শনিবার সকালে তার বাসার সামনে গিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরের অভিযোগও করা হয়েছে।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, অভিযুক্তরা অভিযোগ তুলে নিতে তাকে চাপ দেন এবং একপর্যায়ে কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং জিহাদ সরকার রানাকে আটক করে।
এ ঘটনায় জিহাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি ‘কিশোর গ্যাংয়ের আস্তানা বদরগঞ্জে থাকবে না’ বলে মন্তব্য করেন। কয়েক ঘণ্টার মধ্যেই তিনি গ্রেপ্তার হন।
পুলিশ বলছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিভি/এসকে