রোববার, ১০ মে ২০২৬ , ০৬:৩৫ পিএম
খেলাধুলা ও সংস্কৃতি চর্চা এগিয়ে নিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, প্রতিটি স্কুলে নিয়মিত সংগীত ও ক্রীড়ার চর্চা নিশ্চিত করতে সংগীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় এগিয়ে নেওয়া হবে।
রোববার (১০ মে) রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে এ কথা বলেন তিনি।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে যাতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে নিজেদের তুলে ধরতে পারে, এজন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে। পার্বত্য অঞ্চল থেকে আরও ঋতুপর্ণা তৈরি করতে পার্বত্য মন্ত্রণালয় ক্রীড়া ক্ষেত্রে ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই।
তিনি বলেন, পার্বত্য রাঙামাটি হচ্ছে খেলোয়াড় তৈরির একটি কারখানা। এই রাঙামাটি থেকে ইতোমধ্যে অসংখ্য খেলোয়াড় উঠে এসেছে।
তিনি আরও বলেন, আমার চাচাও একজন ক্রীড়াবিদ ছিলেন। তিনি পাকিস্তান আমলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। এ ছাড়া রাঙামাটি থেকে অসংখ্য ক্রীড়াবিদ দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছেন। আমাদের এই হারানো গৌরব ফিরিয়ে এনেছেন রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা আনাই মগিনীরা। তিনি স্কুলের শিক্ষকদের শিক্ষার পাশাপাশি খেলোয়াড় তৈরি করতে সচেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান।
আরটিভি/টিআর