images

দেশজুড়ে

স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী

রোববার, ১০ মে ২০২৬ , ০৭:১৫ পিএম

আদালত স্বামীকে জামিন দেওয়ায় এজলাস কক্ষেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাহমিনা আক্তার মোহনা নামে এক নারী। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 

রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা। 

আদালত সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে ২০২৫ সালে ফুলগাজী উপজেলার চার সন্তানের জনক আকবর হোসেনকে বিয়ে করেন মোহনা। তবে, বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। 

মোহনার দাবি, তিনি জানতেন না যে আকবরের আগের সংসারে স্ত্রী ও সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

এ ঘটনায় চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন মোহনা। রোববার মামলার শুনানির সময় মোহনা ও তার স্বামী আকবর হোসেন উভয়ই আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
PBI

স্ত্রীর ফুফাতো ভাইকে প্রেমিক ভেবে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানি শেষে আদালত আকবর হোসেনকে জামিন দিলে ক্ষোভ আর হতাশায় হঠাৎ আদালত কক্ষেই বিষপান করেন মোহনা। পরে তিনি ছটফট করতে শুরু করলে উপস্থিত আইনজীবী, পুলিশ ও আদালতের কর্মকর্তারা দ্রুত তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।

মামলার বাদীপক্ষের আইনজীবী জহির উদ্দিন মামুন বলেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ, স্বামীর নির্যাতন ও বিচার না পাওয়ার হতাশা থেকেই মোহনা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করছি। এমন চরম সিদ্ধান্ত মানুষ এক দিনে নেয় না। 

হাসপাতালে চিকিৎসাধীন মোহনা বলেন, দুই বছর প্রেমের সম্পর্কের পর আকবর আমাকে বিয়ে করেছে। বিয়ের আগে আমি জানতাম না যে তার স্ত্রী-সন্তান রয়েছে। বিয়ের পর থেকে মারধর ও নির্যাতনের শিকার হয়েছি। আদালতের শরণাপন্ন হয়েও বিচার পাইনি। আদালতে ওঠার আগে আমি তাকে বলেছিলাম, আজ বিষ খাব, দেখিয়েছিও। পরে আদালতে তার জামিনের পর বিষ খেয়ে ফেলেছি। 

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রোকনউদ্দৌলা বলেন, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে মোহনাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে তার পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মু. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছি। সম্ভবত ওই নারী তার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন। মামলার ধার্য্য তারিখে আদালত তার স্বামীকে জামিন দিলে তিনি এজলাসে বিষপান করেন। ঘটনাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/এসএইচএম