সোমবার, ১১ মে ২০২৬ , ১০:৩৬ পিএম
‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’ স্লোগানে সিরাজগঞ্জের তাড়াশে পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে মানববন্ধন করেছেন অর্ধশতাধিক ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ।
সোমবার (১১ মে) দুপুরে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করেন তাড়াশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রিপ্রেজেন্টেটিভ মো. রেজাউল করিম শামীম, মো. সোহেল রানা, মো. আরিফুল ইসলাম, ইমদাদুল হক, মো. আনিস, মো. আব্দুল আলিমসহ অন্যরা।
এ সময় বক্তারা পেশাগত সম্মান ও কর্মক্ষেত্রে নিরাপত্তার পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজের ক্ষেত্রে বাধা দূর করে সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম শামীম বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা সবসময় মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছেন। সুতরাং আমরা দালাল নই, আমরাও মানুষ।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে চিকিৎসা প্রতিনিধিরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। তাই আমাদের পেশাকে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
আরটিভি/এসএস