images

দেশজুড়ে

মায়ের সঙ্গে পানি আনতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৩:১৭ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে মায়ের সঙ্গে পানি আনতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছে ২ বছর বয়সী শিশু মোহাম্মদ আয়াত। 

সোমবার (১১ মে) সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার সুয়াবিল তৈয়বীয়াপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আয়াত ওই এলাকার মো. রবিউল হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে গিয়েছিল। এ সময় অন্ধকার থেকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে পরিবারের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতার নামে দীর্ঘ সময়ক্ষেপণ করেন। প্রায় দেড় ঘণ্টা সেখানে অতিবাহিত হওয়ার পর শিশুটির অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি; চমেক হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আরও পড়ুন
Web-Image17

গভীর রাতে ভূমি অফিসের পিয়নকে কোপাল দুর্বৃত্তরা

নিহতের চাচা মুহাম্মদ শওকত জানান, সোমবার সন্ধ্যায় আয়াত তার মায়ের সঙ্গে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে গিয়েছিল। এ সময় একটি বিষধর সাপ তাকে দংশন করলে তার মা চিৎকার শুরু করেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে মোটরসাইকেলে করে দ্রুত নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তারা রক্ত পরীক্ষা করতে দীর্ঘ সময় ব্যয় করে।

তিনি আরও জানান, চিকিৎসায় অবহেলার অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাওহিদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ৪সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে অভিযোগটি খতিয়ে দেখে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। 

আরটিভি/আইএম