মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৪:৫৬ পিএম
প্রায় ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে ‘এমটি সি র্যাপ্টর’ নামে একটি ফুয়েল ট্যাংকার। সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে আসা জাহাজটি সোমবার (১১ মে) রাতে বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় নোঙর করেছে।
ট্যাংকারের স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের জন্য আনা ডিজেল বহির্নোঙরে প্রথমে লাইটারিং করে পতেঙ্গার ডলফিন জেটিতে আনা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে ৬ মে বুধবার বন্দরের বহির্নোঙরে নোঙর করেছিল সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে আসা ‘এমটি নিনেমিয়া’। যুদ্ধ শুরুর পর এটি ছিল দেশে আসা অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান।
জানা যায়, এসব তেল পরিশোধন করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে। মজুত বাড়ানোর পাশাপাশি বিকল্প রুট ও উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের প্রচেষ্টা চলছে।
আরটিভি/কেডি