images

দেশজুড়ে

'জয় বাংলা' স্লোগান দিয়ে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর..

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ১০:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মিছিলের ব্যানার ও অন্যান্য ‘সাজসজ্জা’ দেখে মনে করা হচ্ছে, এটি পরিকল্পিতভাবেই কর্মসূচি হিসেবে বাস্তবায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে পৌর এলাকার পূর্ব মেড্ডার কোকিল টেক্সটাইল মিল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়। 

সেখানে পৌর ছাত্রলীগের নেতা লিমন আল স্বাধীন বক্তব্য রাখেন। মূলত তার নেতৃত্বেই মিছিলটি অনুষ্ঠিত হয়। সামনে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে তিনি মিছিলের নেতৃত্ব দেন।

ব্যানারে সাবেক গৃহায়ণমন্ত্রী মোকতাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ কয়েকজনের ছবি ছিল। বেশিরভাগ অংশগ্রহণকারীর মাথায় টুপি ও মুখে মাস্ক ছিল। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েক মিনিট অবস্থান করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই তারা সেখান থেকে চলে যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপস্থিতি নিশ্চিত হলে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

আরটিভি/টিআর