images

দেশজুড়ে

সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৯:১০ এএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে এক সৌদি প্রবাসীর স্ত্রী কন্যা সন্তান, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী প্রবাসী মাহবুবুর রহমান অভিযোগ করেন, তিনি সৌদি আরবে অবস্থানকালে একই গ্রামের যুবক সাফিনের সঙ্গে তার স্ত্রী ফারজানা আক্তারের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ৭ মে তাদের কন্যা সন্তানকে নিয়ে ফারজানা পালিয়ে যান।

মঙ্গলবার (১২ মে) মোবাইল ফোনে সাংবাদিকদের কাছে মাহবুবুর রহমান জানান, তার স্ত্রী ঘর থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ও আড়াই থেকে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে উপজেলার দুর্গাপুর গ্রামের ওমর ফারুকের মেয়ে ফারজানা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে মাহবুবুর রহমানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান মাহবুব। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়।

পরিবারের দাবি, প্রবাসে থাকার সুযোগে একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে সাফিনের সঙ্গে ফারজানার ঘনিষ্ঠতা তৈরি হয়। বিষয়টি একাধিকবার ফারজানার পরিবারকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গত ৭ মে ফারজানা তার স্বামীর পাঠানো ৫০ হাজার টাকা, এনজিও ঋণের জন্য তোলা আরও ৫ লাখ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে কন্যা সন্তান মায়মুনা আক্তার মারিয়াকে সঙ্গে করে প্রেমিক সাফিনের হাত ধরে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মাহবুবুর রহমানের বাবা আবুল বাশার বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় পুত্রবধূ ফারজানা আক্তার ও সাফিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আবুল বাশার বলেন, ৫ দিন পার হয়ে গেলেও এখনো আমার নাতনি ও ছেলের বউয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার ছেলে প্রবাসে বাকরুদ্ধ হয়ে পড়েছে।

এদিকে মাকসুদ আহমেদ জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে