বুধবার, ১৩ মে ২০২৬ , ১২:৩৫ পিএম
চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ মে) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (১২ মে) পোস্টমর্টেম শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।
স্থানীয়দের দাবি, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহীন বলেন, ফ্লাইওভার থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় কাউসার নামে একজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/আইএম