images

দেশজুড়ে

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সেই ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৪:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসী কার্যক্রম আইনে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পৌর ছাত্রলীগ নেতা আবু বক্কর রিফাত (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) বিকেলে শহরের মেড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিফাত নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শহরের পাইকপাড়া এলাকায় বসবাস করেন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলের পরপরই সদর মডেল থানা পুলিশ অভিযান শুরু করে। রাতেই সদর মডেল থানার এসআই জাহিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ১নং শহর ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর নাসিরকে। 

এর আগে একইদিন সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত আকস্মিক ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন।

রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলকে কেন্দ্র করে জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এদিকে ঝটিকা মিছিলের প্রতিবাদে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেন। একপর্যায়ে তারা মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারের দাবিতে সদর মডেল থানা ঘেরাও করেন।

আরও পড়ুন
hgfyuhjfgyh

'জয় বাংলা' স্লোগান দিয়ে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর..

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি জুলাই-২৪ গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

আরটিভি/এসএস