বুধবার, ১৩ মে ২০২৬ , ০৫:৩৬ পিএম
বাগেরহাটের সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলিবিনিময় হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এ ঘটনা ঘটে।
পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত চার জেলেসহ বনদস্যুদের ব্যবহৃত একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছেন বনরক্ষীরা।
উদ্ধার জেলেরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম, দাকোপ উপজেলার ইরাক শেখ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচর টহল ফাঁড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি এবং স্মার্ট টিমের যৌথ টহল চলাকালে ডাকাতের উপস্থিতি টের পেয়ে সে দিকে অভিযান চালানো হয়।
ডাকাতরা গুলি ছুড়লে বনকর্মীরা পাল্টা গুলি ছোড়েন। তাদের দিকে সাত রাউন্ড গুলি ছোড়া হয়।
ডাকাতরা পরে তাদের ট্রলার এবং চারজন জিম্মি জেলেকে রেখে পালিয়ে যায়। জেলেরা শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে আছেন। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনরক্ষীদের গুলি করা দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গেছে।
আরটিভি/এমএম