বুধবার, ১৩ মে ২০২৬ , ০৫:৫৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোল আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
বুধবার (১৩ মে) সকাল ৯টার দিকে ডিসি কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির নেতাদের পাশাপাশি ট্রাকমালিক, আইনজীবী, সচেতন নাগরিক, অটোরিকশা, সিএনজি ও থ্রি-হুইলারচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে টোল আদায় করা হচ্ছে। বিভিন্ন সময়ে টোল বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া ও আন্দোলন করা হলেও তা আমলে নেওয়া হয়নি। উল্টো নতুন করে টোল ইজারার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, অতিরিক্ত টোলের কারণে সাধারণ যাত্রী, পরিবহনশ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত টোল আদায় বন্ধ না হলে আগামী বছরের জন্য নতুন করে টোল ইজারা দেওয়া ঠেকাতে সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটক দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে কিছু সময় প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, জেলা আইনজীবী সমিতির সহসম্পাদক শফিক এনায়েতুল্লাহ, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নাসিরসহ সংগঠনের অন্য নেতারা।
আরটিভি/এসএস