বুধবার, ১৩ মে ২০২৬ , ০৬:০৬ পিএম
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, বাস্তবায়িত কার্যক্রম এবং কুমিল্লায় গত তিন মাসে সম্পাদিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানাতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে কুমিল্লা সার্কিট হাউসে জেলা তথ্য অফিস আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ের শুরুতে কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক গত তিন মাসে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি, পরিকল্পনা ও কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক তথ্য প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও পৌঁছে দিতে মাঠপর্যায়ে গণযোগাযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজি মাহমুদ মিথুন। তিনি সরকারের তথ্য প্রচারে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। পাশাপাশি গণযোগাযোগ কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
আরটিভি/এসএস