বুধবার, ১৩ মে ২০২৬ , ০৯:৪৮ পিএম
মাদকবিরোধী অভিযানে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশসেরা জেলা পুলিশের গৌরব অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। চলতি বছরের প্রথম চার মাসে প্রায় ৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করে এ কৃতিত্ব অর্জন করে জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর আনুষ্ঠানিক অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পুলিশকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে মোট ৩ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৮৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সময়ে ৪০৮টি মাদক মামলা দায়ের করা হয় এবং ৬৯৬ জনকে আসামি করা হয়।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১০৩টি মামলায় ১৫৬ জন, ফেব্রুয়ারিতে ৮৮টি মামলায় ১২৪ জন, মার্চে ১১৪টি মামলায় ২১৪ জন এবং এপ্রিলে ১০৩টি মামলায় ২০২ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৭৯ হাজার ২২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬৬ দশমিক ০৫ গ্রাম হেরোইন, ১৮৬ কেজি ২০১ গ্রাম গাঁজা ও ৪০টি গাঁজা গাছ। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৫২৪ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, ২ হাজার ৯৭১ লিটার দেশীয় মদ, ৪০০ লিটার ওয়াশ, ১ হাজার ৩৭৫ অ্যাম্পুল ইনজেকশন এবং ৭১৮ পিস ট্যাপেন্টাডল।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদারের ফলেই এই সাফল্য এসেছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এই অর্জন জেলার প্রতিটি পুলিশ সদস্যের নিষ্ঠা, সাহস ও কঠোর পরিশ্রমের ফল। মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে আমাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরটিভি/এসএস