images

দেশজুড়ে / প্রবাস

লেবাননে দুই বাংলাদেশি নিহতের বিষয়ে যা জানাল দূতাবাস

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১০:৪৫ এএম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার রাতে ওই হামলার ঘটনা ঘটে।

বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানিয়েছে, গত সোমবার (১১ মে) রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় শ্রী শুভ কুমার দাস এবং  করিম মিয়া নামে দইজন বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতদের একজন শ্রী শুভ কুমার দাস সাতক্ষীরার কলারোয়ার শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাস ও শিখা রানী দাসের ছেলে। অপরজন করিম মিয়া নরসিংদীর শিবপুরের দুলালপুর এলাকার কাজম আলী ও ময়না বেগমের ছেলে।

বুধবার লেবানিজ আর্মি ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিবেশী আরেক প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব মরদেহটি শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। মরদেহটি বর্তমানে নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

একই হামলায় নিহত করিম মিয়ার মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ আর্মি ও রেডক্রস সেই মরদেহ উদ্ধার করতে পারেনি। দূতাবাস জানিয়েছে, মরদেহ উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

আরটিভি/টিআর