images

দেশজুড়ে

সন্তানের জন্য দুধ আনতে গিয়ে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ মিলল জঙ্গলে

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০১:১৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে গজারী বনের পাশ থেকে আসিফ হোসেন (২১) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার অটোরিকশাও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি (উত্তরপাড়া) বগার ভিটা এলাকার গজারি বনের ভেতর নিচু জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসিফ হোসেন শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি বগার ভিটা উত্তরপাড়া এলাকার হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে।

নিহতের স্ত্রী মিরজানা আক্তার মিম জানান, তাদের সংসারে ৭ মাস বয়সী একটি মেয়ে আছে। বুধবার (১৩ মে) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন আসিফ। বের হওয়ার সময় স্ত্রীকে বলে শিশু সন্তানের জন্য দুধের কৌটা, স্ত্রী ও মায়ের জন্য কাপড় নিয়ে আসবেন। আসিফ প্রতিদিন রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরে আসে। ওইদিন ১০টার পরও বাড়িতে না আসলে স্বজনেরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। রাত ১টার দিকে স্ত্রী তার স্বামীর মোবাইলে ফোন দিলে মোবাইল খোলা পাওয়া যায়। তবে কেউ রিসিভ করেনি। পরে আসিফের মা আছমা আক্তারকে জানালে রাত ২টার দিকে তিনি ফোন দিলে আসিফের মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর বৃহস্পতিবার সকালে আসিফের স্ত্রী, শ্যালক এবং তার মাসহ স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

তিনি আরও জানান, সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় আসিফের অটোরিকশা পাশের সিদ্দিকের পরিত্যক্ত বাড়ির বাহিরে (যেখানে অটোরিকশাটি রাখা হতো) দেখতে পাননি। তবে মরদেহ পাওয়ার খবরে সকাল ৭টার দিকে ওই বাড়ির বাহিরে অটোরিকশা দেখতে পান। একপর্যায়ে নিহতের শ্যালক জিসান বাড়ির পাশে রাজাবাড়ী-শ্রীপুর সড়কের পূর্ব পাশে গজারি বনের ভেতর নিচু জমিতে আসিফের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে।

মিম বলেন, এক মাস যাবত একটি মেয়ে তার মোবাইলে ফোন দিয়ে খালি বলত ইজ্জতপুর থেকে রোগী নিয়ে শ্রীপুর যেতে হবে। পরে আমি ফোন রিসিভ করে ওই মেয়েকে বলি আপনি আর ফোন দিবেন না। আমার স্বামী রোগী নিয়ে যাবে না। না করার পর প্রায়ই ৫-৬ দিন যাবৎ ওই মেয়ে আর ফোন দেয় না।

নিহতের মামা হেলাল উদ্দিন জানান, প্রায় তিন বছর আগে থেকে তার বাবা দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে গাজীপুর বসবাস করেন। এরপর থেকে তার বোন (আসিফের মা) আছমা আক্তার তিন সন্তানকে নিয়ে ডোয়াইবাড়ি (উত্তরপাড়া) বগার ভিটা এলাকার বনের জমিতে ঘরে তুলে বসবাস করেন। আসিফের মা স্থানীয় চায়না পোশাক কারখানায় চাকরি করেন। এলাকার কারো সঙ্গে তার কোনো বিরোধ ছিল না।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান বলেন, মরদেহের ডান হাতের বাহুর উপরে কামড়ের দাগ, পাশ থেকে ছোট্ট একটি ছুরি, একটি হলুদ ওড়না, মাথার কাঁকড়া (ক্লিপ), পুরুষের দুই জোড়া স্যান্ডেল, মাথার ক্যাপ, একটি বাটন মোবাইল পাওয়া গেছে। মরদেহের ১০ গজ দূর থেকে নারীর পায়ের একজোড়া স্যান্ডেল পাওয়া গেছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আলামত দেখে বুঝা যাচ্ছে ঘটনাটি নারীঘটিত ঘটনার জেরে হত্যার ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন
Web-Image---Copy

ভাড়া বাসায় মিলল নারী হোটেল কর্মচারীর মরদেহ

তিনি আরও বলেন, নিহতের গলায় উপর্যুপরি ছুরিকাঘাতের আঘাত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা পেশাদার কোনো কিলারের কাজ না। কারণ, তার অটো এবং অটোর চাবিও রেখে গেছে। অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করে থাকলে অটো নিয়ে যেত দুর্বৃত্তরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে