বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০১:১৭ পিএম
চট্টগ্রামের সাতকানিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে বেঁধে রেখে সঙ্গে থাকা আরেক নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করেছেন সাত যুবক। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের সিন্ধুপ্যাপাড়া এলাকার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওইদিন রাতেই ভুক্তভোগীর বাবা সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ভুক্তভোগীরা নবম ও অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনার পর তারা বিষয়টি গোপন রাখতে চাইলেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিন্দুপ্যা পাড়ার ওসমানের ছেলে মো. ছৈয়দ (১৫), শাহ আলামের ছেলে মো. রাকিব (২০), মো. নাছিরের ছেলে মো. মানিক ইসলাম (২০) ও আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (১৮)।
জানা গেছে, দুই কিশোরী পাহাড়ি এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরতে বের হয়। অভিযুক্ত শ্রমিকদের মধ্যে একজন তাদের গতিবিধি লক্ষ্য করে অন্য ছয়জনকে মুঠোফোনে ডেকে আনে। পরে দুই কিশোরীকে তুলে নিয়ে একজনকে বেঁধে রেখে অন্যজনকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণ শেষে ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে প্লাস্টিকের বস্তা দিয়ে মুখ চেপে ধরে।
মানুষের আনাগোনা টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই কিশোরী বাড়িতে এলে পরিবার বিষয়টি জানতে পারে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়দের নজরে এলে সন্ধ্যায় অভিযুক্তদের খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে সাতকানিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, জবানবন্দির জন্য ভুক্তভোগীদের আদালতে পাঠানো হয়েছে। পরে তাদের চিকিৎসা ও ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে পাঠানো হবে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরটিভি/টিআর