বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০১:২৩ পিএম
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাচিহারানিয়া এলাকা থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাতে কাচিহারানিয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে মিলন মন্ডল নামে (৪০) এক মাদক ব্যবসায়ীর সবজি ক্ষেত থেকে গাছটি জব্দ করা হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ গণমাধ্যমকে জানায়, মিলন মন্ডলের বিরুদ্ধে পূর্বেও শ্যামনগর থানায় দুটি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাচিহারানিয়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি সবজি ক্ষেতের মধ্যে মিলন মন্ডলকে গাঁজা গাছের গোড়ায় পানি দিতে দেখা যায়। এ সময় পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন মন্ডল দ্রুত দৌড়ে পালিয়ে যান। পুলিশ তাকে ধাওয়া করলেও শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হয়নি।
অভিযানকালে ক্ষেতের ভেতর থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক চাষ ও কারবার চললেও অনেক সময় তা প্রশাসনের নজরের বাইরে থেকে যায়। সাম্প্রতিক এ অভিযানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে জানান, অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এমএইচজে