images

দেশজুড়ে

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঝরে গেল ২ প্রাণ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৬:১০ পিএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা এক কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছেন এক পিকআপ চালক ও তার সহযোগী।

বুধবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পিকআপের চালক প্রবীর রায় (৩৬) ও তার সহকারী (হেলপার) জুয়েল (১৭)। প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার মৃত শিশির রায়ের ছেলে। জুয়েল কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝার এলাকার আব্দুল হাকিমের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-২১৪০) বিকল হয়ে রাস্তার ডান পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৫৬০৯) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুন
yb

গ্রেপ্তারের ভয়ে ইয়াবা বড়ি গিলে ফেলে যুবক, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তাদের দুজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে ঘণ্টাখানেক যান চলাচলে বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে এক পাশে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আমাদের হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এসএইচএম