images

দেশজুড়ে

নদীতে ডুবতে থাকা বন্ধুকে বাঁচাতে ঝাঁপ, ফিরলো না কেউই

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৬:২৯ পিএম

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১৩ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে এবং রাত ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

‎‎নিহতরা হলেন- ঢাকা জেলার তুরাগ থানার কামার পাড়া সাহেব আলী মাদরাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) ও তার বন্ধু মো. নোমান (১৩)। 

ইমরানের মামা হালিম মিয়া জানান, ইমরান তার বন্ধুদের সঙ্গে নৌকাযোগে তুরাগ নদীতে গোসল করতে যায়। নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। নোমানকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় ইমরান। এ সময় অন্যরা নৌকায় ছিল। এরপর দুই বন্ধু ইমরান ও নোমান পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তিন ঘণ্টার বেশি সময় চেষ্টায় দুইজনের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন
3454

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যার রহস্য উদঘাটন

‎টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পেয়ে ডুবুরিদল ঘটনাস্থল এলাকায় তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

টঙ্গী নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন বলেন, তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে বিকেল ৫টার দিকে পাঁচবন্ধু মিলে নৌকাযোগে তুরাগ নদে ঘুরতে যায়। এ সময় অসাবধানতাবশত নোমান নৌকা থেকে নদে পড়ে যায়। নোমানকে বাঁচাতে ইমরান নদে ঝাঁপ দেয়। একপর্যায়ে দুই বন্ধু নদের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর দুইজনের লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএম