বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৭:২৯ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। তিনি আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চাঁনমারী মাউড়াপট্টি এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাছির (৬০) ফতুল্লার চাঁনমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামের ডিশ ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। তবে তার কোনো দলীয় পদ-পদবি নেই।
এলাকাবাসী জানান, দলীয় পদপদবি না থাকলেও আওয়ামী লীগের মিছিল মিটিংয়ের সামনে থাকতেন নাছির। এলাকায়ও সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের অভিযোগ নেই। প্রতিদিনের মতো নাছির তার ডিশ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার সময় হঠাৎ তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় অফিসে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, ডিশ অফিস থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন। তাকে সে চিনেন না।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
নিহতের মরদেহ খানপুর হাসপাতাল থেকে ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নাছির হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরটিভি/এমএম